সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৬ আগস্ট সারা দেশের সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা হতে যাচ্ছে। প্রথম ধাপের পাইলট প্রকল্পের আওতায় জেলার পাঁচটি উপজেলার ২০টি নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির মোট ৭৮৯ জন শিক্ষার্থী এই পোশাক ও শিক্ষাসামগ্রীর সুবিধা পাবেন। এর মধ্যে ছাত্র ৩৮২ জন এবং ছাত্রী ৪০৯ জন।
সীমান্তবর্তী ও চরাঞ্চলবেষ্টিত চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রান্তিক ও অনগ্রসর এলাকার শিশুদের শিক্ষার মূলধারায় ধরে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে স্বাচ্ছন্দ্য ও সমতা বজায় রাখতে নতুন ‘ড্রেসকোড’ নির্ধারণ করা হয়েছে, যেখানে ছেলেদের জন্য হাফশার্ট ও শর্টস এবং মেয়েদের জন্য ফ্রক দেওয়া হবে।
এর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্কুলব্যাগ ও জুতা সরবরাহের একটি সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি এক লাখ শিক্ষার্থীর জন্য বিনামূল্যে ব্যাগ, পোশাক ও জুতা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চারটি প্রাথমিক বিদ্যালয়ের ১৮৪ জন শিশু এই সুবিধা পাচ্ছেন। এর মধ্যে তাজকেরাতুন স্বরূপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন (২৪ ছাত্র ও ৩৬ ছাত্রী), আমনুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ জন (১৬ ছাত্র ও ১৯ ছাত্রী), চরমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৯ জন (২১ ছাত্র ও ২৮ ছাত্রী) এবং মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন (১১ ছাত্র ও ২৯ ছাত্রী) শিক্ষার্থী রয়েছেন।
শিবগঞ্জ উপজেলার চারটি বিদ্যালয়ে মোট ১৯৭ শিক্ষার্থী নতুন পোশাক পাবেন। এর মধ্যে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৯ জন (১৫ ছাত্র ও ২৪ ছাত্রী), চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৬ জন (২৬ ছাত্র ও ৪০ ছাত্রী), চকঘোড়াপাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন (২১ ছাত্র ও ২৯ ছাত্রী) এবং মনাকষা দাখিল মাদ্রাসা সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪২ জন (১৬ ছাত্র ও ২৬ ছাত্রী) শিক্ষার্থী সুবিধাভুক্ত হয়েছেন।
গোমস্তাপুর উপজেলার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২০৩ শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় এসেছেন। এর মধ্যে গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৭ জন (২১ ছাত্র ও ২৬ ছাত্রী), দিয়াড়াপাড়া হাজী তৈমুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৬ জন (২২ ছাত্র ও ৩৪ ছাত্রী), রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন (২৪ ছাত্র ও ২৬ ছাত্রী) এবং মকরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৭ জন (২০ ছাত্র ও ২৭ ছাত্রী) শিক্ষার্থী ইউনিফর্ম পাচ্ছেন।
নাচোল উপজেলার চারটি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২০২ শিক্ষার্থী এই সুবিধা পাবেন। তালিকায় রয়েছে শানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৩ জন (৪৪ ছাত্র ও ১৯ ছাত্রী), গুঠইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ জন (৩৬ ছাত্র ও ২৯ ছাত্রী), সূর্য্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৪ জন (২০ ছাত্র ও ১৬ ছাত্রী) এবং সোনাইচণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৮ জন (২১ ছাত্র ও ১৭ ছাত্রী) শিক্ষার্থী।
ভোলাহাট উপজেলার চারটি বিদ্যালয়ের মোট ২০৫ জন শিশু বিনামূল্যে ইউনিফর্ম পাবেন। এখানে বীরেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন (২৯ ছাত্র ও ৩১ ছাত্রী), বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন (১৪ ছাত্র ও ২৬ ছাত্রী), মুশরীভূজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন (২৩ ছাত্র ও ২৭ ছাত্রী) এবং বড়গাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫ জন (৩৬ ছাত্র ও ১৯ ছাত্রী) শিশু প্রথম ধাপে অন্তর্ভুক্ত হয়েছেন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন, উপস্থিতি বৃদ্ধি এবং প্রান্তিক পরিবারের শিশুদের পড়ালেখায় উদ্বুদ্ধ করতে বিনামূল্যে পোশাক দেওয়া এ সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। নতুন নকশায় তৈরি এসব পোশাকে শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত হবে। পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত ২০টি বিদ্যালয়ে প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে এবং পর্যায়ক্রমে জেলার অন্যান্য বিদ্যালয়েও এই সুবিধা সম্প্রসারিত হবে।”