ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সুইমিংপুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ গানের আসর ‘শ্রাবণ মেঘের গান’। বর্ষামুখর আবহে গান শোনার এই আয়োজনটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ (ডিইউসিএস)। গতকাল বুধবার (১২ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে পাঁচটায় এই অনুষ্ঠানের সূচনা হয়।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে মৌলিক ও জনপ্রিয় বিভিন্ন গান পরিবেশন করেন তুহিন কান্তি দাস, সাহস মুস্তাফিজ, নাহিদ হাসান, বাপ্পী নবী, সৈয়দ মিজান, ইলা লালালালা, আন্তনগর ও প্রভাতফেরী। তাঁদের পাশাপাশি গানে অংশ নেন ডিইউসিএসের শিল্পীরাও।

আয়োজকেরা জানান, বর্ষা বাঙালির কাছে শুধু একটি ঋতু নয়; মেঘ-বৃষ্টি, ভেজা মাটি, সবুজ প্রকৃতি আর গানের সঙ্গে জড়িয়ে আছে এর আলাদা এক আবেগ। সেই আবহকে মঞ্চে তুলে ধরতেই ‘শ্রাবণ মেঘের গান’-এর আয়োজন করা হয়েছে।

এর আগে ডিইউসিএসের উদ্যোগে আষাঢ় পার্বণ, বর্ষবরণ ও বসন্ত উৎসবসহ বিভিন্ন ঋতুভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তবে এবারের আয়োজনটি কিছুটা ভিন্ন। আয়োজকদের ভাষ্যমতে, ব্যস্ত নগরজীবনের একঘেয়েমির মধ্যে বর্ষার মেঘ-বৃষ্টির সঙ্গে গানকে মিলিয়ে দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী সন্ধ্যা তৈরি করতে চেয়েছেন তাঁরা। পাশাপাশি প্রকৃতির ঋতুচক্রের সঙ্গে বাঙালির সাংস্কৃতিক সম্পর্ককে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাও ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।