বিমান বাহিনীর সাবেক প্রধান এবং চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা পৌনে ১২টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার ছোট ভাই তৌফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, রফিকুল ইসলাম বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) সকালে বারিধারায় ডিএইচওতে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে জুমার নামাজের পর বিমান বাহিনীর সেন্ট্রাল জামে মসজিদে জানাজা শেষে বিমান বাহিনীর কবরস্থানে তাকে দাফন করা হবে।

ভাইয়ের মৃত্যুতে তৌফিকুল ইসলাম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

উল্লেখ্য, ২০০১ সালের ৪ জুন থেকে ২০০২ সালের ৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মুহাম্মদ রফিকুল ইসলাম। পরবর্তীতে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে চাঁদপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।