রাজশাহী নগরের মালোপাড়া এলাকায় যানজট সৃষ্টি হওয়াকে কেন্দ্র করে মারধরের শিকার হয়ে পলাশ (৪৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার নগরের বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশ উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে রক্তচাপ মাপার জন্য তিনি মালোপাড়া এলাকার একটি ওষুধের দোকানে যান। সেই সময় রাস্তার পাশে তাঁর রিকশাটি রাখায় সেখানে কিছুটা যানজটের সৃষ্টি হয়। এতে পাশের সীমান্ত হোমিও হলের মালিক ও কর্মচারীরা তাঁকে রিকশাটি সরাতে বলেন। এই বিষয় নিয়ে তাঁদের সঙ্গে পলাশের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি মীমাংসা করে দেয়। এরপর স্থানীয় লোকজন অসুস্থ পলাশকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পলাশের বাড়ি নগরের রাজারহাতা এলাকায়। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রক্রিয়া শেষ হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম বলেন, "রিকশা রাখার কারণে যানজট সৃষ্টি হওয়াকে কেন্দ্র করে তাঁর সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।"
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী আজ দুপুরে মুক্তকণ্ঠকে বলেন, "এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে রাত তিনটার দিকে থানায় এজাহার দেওয়া হয়। এজাহারে কিছু সংশোধনের প্রয়োজন ছিল। পরে যাঁরা রিকশাচালককে মারধর করেছেন, তাঁদের আসামি করে হত্যা মামলা করা হয়েছে।"