সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা অরিন্দম চৌধুরী অপুকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে এক বিশেষ অভিযান চালিয়ে উপজেলা সদরের নিজ বাসায় ফেরার পথে অরিন্দম চৌধুরী অপুকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বাহাড়া ইউনিয়নের নাইন্দা গ্রামের মৃত অনিল চৌধুরীর ছেলে।
পুলিশ জানিয়েছে, আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা ও শান্তি বিনষ্ট করার লক্ষ্যে অরিন্দম চৌধুরী অপু রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তাকে সুনামগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শওকত আলী জানান, "আগামী ১৫ আগস্ট উপলক্ষে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছিলেন অরিন্দম চৌধুরী অপু। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।"