বান্দরবানের আলীকদম উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মাংরুম মুরুং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১টা ৪০ মিনিটের দিকে আলীকদম-থানচি সড়কের এক কিলোমিটার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তল্লাশির সময় তার বহন করা একটি ব্যাগের ভেতর থেকে ৩৩৯ রাউন্ড গুলি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
সূত্র জানায়, সীমান্তবর্তী ও দুর্গম পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধে নিয়মিত যৌথ অভিযান চালানো হচ্ছে। বুধবারের এই অভিযানে বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গুলির উৎস, সংরক্ষণের উদ্দেশ্য এবং তা কোথায় বা কী কাজে ব্যবহৃত হতে পারত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একইসঙ্গে আটক ব্যক্তির সঙ্গে কোনো অবৈধ অস্ত্র বা গোলাবারুদ চক্রের যোগাযোগ আছে কি না, তাও তদন্ত করা হচ্ছে।
এই ঘটনার পর ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আলীকদম থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আমজাদ হোসেন বলেন, "মাংরুম মুরুংয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তার নামে অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এফ) ধারায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।"