বান্দরবানের আলীকদম উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে চংলক ম্রো নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিদ্যামণি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কাদাঝিরি নৌকাঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। ওই এলাকায় মাদকের একটি চালান হাতবদল হতে যাচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানটি চালানো হয়। অভিযান চলাকালীন ঘটনাস্থলটি ঘেরাও করে চংলক ম্রোকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করলে পরনের হাফপ্যান্টের পকেট থেকে ১ হাজার ১৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবক স্বীকার করেছেন যে, তিনি মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে পাইকারি দামে ইয়াবার এই চালানটি কিনেছিলেন। এরপর তা আলীকদমে নিয়ে গিয়ে খুচরা কারবারি ও মাদকসেবীদের কাছে বিক্রি করার পরিকল্পনা ছিল তার।

আলীকদম থানার পরিদর্শক (তদন্ত) আমজাদ হোসেন জানান, "গ্রেপ্তার চংলক ম্রোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তার নামে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। তাকে কারাগারে পাঠানোর জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।"