নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গুলি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, তাকে তুলে নিয়ে গুলি করার পাশাপাশি তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর বর্দি গ্রামে। আহত রাকিব ওই একই ইউনিয়নের ছোট সোনাইমুড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন রাকিব অভিযোগ করে বলেন, "রাতে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে কেনাকাটা শেষে ভাড়া বাসায় ফিরছিলেন তিনি। পথে আলাইয়াপুর ইউনিয়ন পরিষদের সংলগ্ন এলাকায় পৌঁছালে একদল অস্ত্রধারী তার অটোরিকশার গতিরোধ করে। পরে পিস্তল ঠেকিয়ে তাকে স্থানীয় একটি বাড়ির পেছনে নির্জন স্থানে তুলে নিয়ে যাওয়া হয়।"

আহত চালকের দাবি, সেখানে আলমগীর, রাজন, রিপন ও আলম নামে চার যুবক তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার কাছে থাকা নগদ ১ হাজার ৫০০ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নিয়ে ডান পায়ের হাঁটুতে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি পাশের একটি ডোবায় লাফ দিয়ে পালিয়ে আসেন।

এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের নম্বর বন্ধ পাওয়া গেছে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, "এক অটোরিকশা চালকের পায়ে ছোট ক্যালিবারের গুলি লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনসহ জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"