সমাজে অপরাধ দমনে দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজনীয়তার কথা বলেছেন চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরী (পিপিএম)। তিনি মনে করেন, অপরাধীকে এমন শাস্তি দেওয়া উচিত যা দেখে পুরো সমাজ শিক্ষা নিতে পারে। তবে বিচারকের স্বল্পতা এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে কাঙ্ক্ষিত ন্যায়বিচার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় নোয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের বিভিন্ন সমস্যা রয়েছে, বিচারকেরও অভাব রয়েছে—যার কারণে সমাজে কাঙ্ক্ষিত ন্যায়বিচার প্রতিষ্ঠা হচ্ছে না। অপরাধীকে শাস্তি দেওয়ার মূল উদ্দেশ্যই হলো তা যেন দৃষ্টান্তমূলক হয় এবং যা দেখে পুরো সমাজ শিক্ষা নিতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, রায়ের জন্য এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যে সমাজে তার ইতিবাচক প্রভাব পড়ছে না।”

নোয়াখালী জেলা পুলিশ সুপার এম এন নাসিরুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় জেলার সিভিল সোসাইটির প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম, আইনজীবী এবং চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশিদ আজাদ এবং জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার। এছাড়া জেলা বিএনপি, জামায়াত, এনসিপি ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা সভায় মুক্ত আলোচনায় অংশ নেন।