আজ বুধবার পশ্চিম ইউরোপের আকাশে দেখা যাবে বছরের অন্যতম আলোচিত মহাজাগতিক ঘটনা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ১৯৯৯ সালের পর দীর্ঘ সময়ের ব্যবধানে এই প্রথম ওই অঞ্চলে এমন বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছেন কোটি কোটি মানুষ।
জানা গেছে, চাঁদের প্রচ্ছায়া প্রথমে উত্তর সাইবেরিয়া, আর্কটিক মহাসাগর এবং পূর্ব গ্রিনল্যান্ড অতিক্রম করবে। এরপর এটি পশ্চিম আইসল্যান্ড ও উত্তর স্পেনের ওপর দিয়ে যাবে। সবশেষে উত্তর-পূর্ব পর্তুগালের একটি ক্ষুদ্র অংশ স্পর্শ করে স্পেনের ভূমধ্যসাগরীয় উপকূল ও বালেয়ারিক দ্বীপপুঞ্জে সূর্যাস্তের মধ্য দিয়ে এই মহাজাগতিক ঘটনার সমাপ্তি ঘটবে।