নীলফামারীর ডিমলায় একটি কাঠের ব্রিজ পরিদর্শনের সময় আকস্মিক দুর্ঘটনার মুখে পড়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। পরিদর্শনের সময় ব্রিজটি ভেঙে পড়ায় তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন, তবে সংসদ সদস্য অক্ষত রয়েছেন।
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর নির্মিত ব্রিজটি পরিদর্শনে গিয়ে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাউতারা নদীতে দীর্ঘকাল কোনো সেতু না থাকায় স্থানীয় বাসিন্দারা চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। এই সমস্যা সমাধানে তারা নিজস্ব অর্থায়নে একটি কাঠের ব্রিজ নির্মাণ করেন। বুধবার সকালে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওই ব্রিজটি পরিদর্শনে যান। ব্রিজে ওঠার পর অতিরিক্ত মানুষের চাপে হঠাৎ সেটি ভেঙে পড়ে, যার ফলে সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী নিচে পড়ে আহত হন।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আজিমুল ইসলাম বলেন, "এমপি মহোদয় আমাদের এলাকার কাঠের ব্রিজটি পরিদর্শনের জন্য উপরে ওঠেন। এ সময় মানুষের সমাগম বেশি হওয়ায় হঠাৎ ব্রিজটি ভেঙে সঙ্গে থাকা কয়েকজন নিচে পড়ে যান।"
নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা নিজেদের অর্থায়নে ব্রিজটি তৈরি করেছিলেন এবং আজ এমপি সেটি পরিদর্শনে গেলে অতিরিক্ত চাপে তা ভেঙে পড়ে।
এই বিষয়ে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, "এলাকাবাসী নিজেদের অর্থায়নে একটি কাঠের ব্রিজ তৈরি করেছেন। আমি নেতাকর্মীদের নিয়ে সেটি পরিদর্শন করতে গিয়েছিলাম। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ওঠার পর পেছনের অংশ ভেঙে পড়ে। কয়েকজন নিচে পড়ে গিয়ে আহত হয়েছেন এবং অনেকের পোশাক ছিঁড়ে গেছে। তবে গুরুতর কিছু ঘটেনি। সেখানে সরকারি অর্থায়নে একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।"
পরিদর্শনকালে উপজেলা আমীরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।