গোপালগঞ্জের কাশিয়ানীতে সানজিদা বেগম (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নিহতের স্বামী ইমরান শেখকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, দাম্পত্য কলহের জেরে সানজিদা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে নিহতের পরিবারের দাবি, স্বামীর পরকীয়ার কারণেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সানজিদা উপজেলার রাতইল গ্রামের কালাম মোল্যার মেয়ে এবং দুই কন্যাসন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক ও দাম্পত্য কলহ নিয়ে সানজিদা ও তার স্বামীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। সোমবার রাতে স্বামীর মোবাইল ফোন বন্ধ পেয়ে সানজিদা প্রতিবেশীদের বাড়িতে গিয়ে তার খোঁজ নেন। এরপর তিনি নিজ বাড়িতে ফিরে এসে ঘুমিয়ে পড়েন।
পরবর্তীতে রাতে প্রতিবেশী বিলকিস বেগম সানজিদার খোঁজ নিতে গিয়ে জানালা দিয়ে ঘরের আড়ার সঙ্গে তার ঝুলন্ত দেহ দেখতে পান। বিষয়টি প্রতিবেশীদের জানালে এলাকায় হইচই পড়ে যায়। সকালে পুলিশকে খবর দিলে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবারের অভিযোগ, এক প্রতিবেশী নারীর সঙ্গে ইমরানের পরকীয়ার সম্পর্ককে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বিরোধ চলছিল এবং সেই কারণেই সানজিদার মৃত্যু হয়েছে।
নিহতের মেজ ভাই হামিম মোল্যা বলেন, "বোনের মৃত্যুর খবর পেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে স্থানীয়দের কাছ থেকে তার স্বামীর পরকীয়ার বিষয়টি জানতে পারি। আমাদের সন্দেহ, বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।"
তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন। হামিম মোল্যা আরও অভিযোগ করেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর অভিযুক্ত প্রতিবেশী নারীর পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
এই ঘটনায় নিহত সানজিদার বড় ভাই সজীব মোল্লা বাদী হয়ে কাশিয়ানী থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোল্যা আফজাল হোসেন জানান, "দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।"
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান পুরো বিষয়টি নিশ্চিত করেছেন।