চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকা থেকে মঙ্গলবার সকালে এক শিক্ষার্থীর (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চলতি বছর নগরের একটি বিদ্যালয় থেকে ওই শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছিল। গতকাল সোমবার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে বাড়ির একটি কক্ষে শিক্ষার্থীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তাৎক্ষণিকভাবে থানায় খবর দেওয়া হলে বাকলিয়া থানার পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানিয়েছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর থেকেই ওই শিক্ষার্থী চরম হতাশাগ্রস্ত ছিল। আজ সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, "ধারণা করা হচ্ছে, পরীক্ষার ফল খারাপ হওয়ায় সে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"