আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬। বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে এই তথ্য জানানো হয়েছে।
নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনে বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে একটি সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এবং বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া হুইপ প্যানেল থেকে মো. জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া ও এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, "রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ।"
সভায় রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার জন্য জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট প্রদান এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ সংক্রান্ত কার্যবিবরণী প্রয়োজনীয় সংশোধনসহ অনুমোদন করা হয়। একইসঙ্গে নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৩ ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এই নির্বাচন পরিচালনা করবেন।