জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি শিয়ালের কামড়ে অন্তত সাতজন আহত হয়েছেন। এ ঘটনার পর পুরো এলাকায় শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোহাম্মদ তামিম।

সকাল বেলা উপজেলার মেরুরচর ইউনিয়নের রূপিয়ারচর (রবিয়ারচর) গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন— মতি মিয়া (৬০), মর্জিনা বেগম (৪০), বদিউজ্জামান (৬৮), ইজতী বেগম (৪০), ছাহেরা খাতুন (৫০), সামাদ (৩৫) ও মোবারক। তারা সবাই রবিয়ারচর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রবিয়ারচর গ্রামের মতি মিয়ার বসতঘরে ঢুকে একটি শিয়াল আক্রমণ শুরু করে। এরপর বাড়ির আশপাশে এবং রাস্তায় চলাচলের সময় সাধারণ মানুষের ওপর চড়াও হয়ে শিয়ালটি এলোপাতাড়ি কামড়াতে থাকে। দিনের আলোতে শিয়ালের এমন অতর্কিত আক্রমণে পুরো এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়।

ডা. মোহাম্মদ তামিম বলেন, "শিয়ালের আক্রমণে আহত হয়ে হাসপাতালে আসা ব্যক্তিদের যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে এবং সুরক্ষামূলক জলাতঙ্কের ভ্যাকসিন প্রদান করা হয়েছে।"