তিন দিনের বিরতির পর দেশের বাজারে আবারও দাম বাড়ল সোনার। আজ মঙ্গলবার থেকে ২২ ক্যারেট বা ভালো মানের সোনার ভরিপ্রতি দাম ১ হাজার ১০৮ টাকা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৭০০ টাকা বেড়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় এবং বিশ্ববাজারের প্রভাব বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকের পর দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২২ ক্যারেটের সোনার দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ছিল ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা। উল্লেখ্য, গত শনিবারও ভরিপ্রতি ৪ হাজার ৩৭৪ টাকা দাম বাড়ানো হয়েছিল।

সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৫ হাজার ৭৩ টাকা এবং ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৮৪০ টাকা।

বিশ্ববাজারের পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা গেছে, আজ মঙ্গলবার আউন্সপ্রতি সোনার দাম ৩২ ডলার বেড়েছে। গত এক মাসে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে আউন্সপ্রতি ৩৬২ ডলার। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের পর দাম কমার যে ধারা ছিল, তাতে এখন ছেদ পড়েছে এবং দাম পুনরায় বাড়ছে। তবে রুপার দাম বেড়েছে এক ডলারের কম।

চলতি বছরের জানুয়ারিতে ভূরাজনৈতিক অস্থিরতার কারণে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম পাঁচ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছিল। ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধের প্রভাবে দাম পুনরায় পাঁচ হাজার ডলারের ওপরে উঠলেও যুদ্ধবিরতি চুক্তির পর তা চার হাজার ডলারের নিচে নেমে আসে। গত দুই মাস ধরে দাম চার হাজার ডলারের কাছাকাছি অবস্থান করছিল।