হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বার্তা, ছবি, ভিডিও বা গুরুত্বপূর্ণ নথি ভুলবশত মুছে যাওয়া একটি বড় দুশ্চিন্তার কারণ। কারণ, এই অ্যাপ থেকে মুছে ফেলা তথ্য উদ্ধার করা বেশ জটিল প্রক্রিয়া। তবে আগে থেকে ব্যাকআপ অপশন চালু রাখা থাকলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে মনে রাখতে হবে, ব্যাকআপে নির্দিষ্ট সময়ের পরের তথ্য জমা থাকে না। উদাহরণস্বরূপ, সর্বশেষ ব্যাকআপ যদি গত শনিবার নেওয়া হয়ে থাকে এবং সোমবার কোনো তথ্য মুছে যায়, তবে সেই তথ্য ব্যাকআপে পাওয়া যাবে না। তাই কোনো তথ্য ফিরিয়ে আনার আগে সর্বশেষ ব্যাকআপের তারিখ ও সময় যাচাই করা জরুরি। এছাড়া ফোনের স্টোরেজে থাকা স্থানীয় ব্যাকআপ থেকেও কিছু ক্ষেত্রে পুরোনো তথ্য উদ্ধার করা সম্ভব।
মুছে যাওয়া বার্তা ও ছবি ফেরত পেতে প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে ‘চ্যাটস’ অপশনে গিয়ে ‘চ্যাট ব্যাকআপ’ নির্বাচন করতে হবে। সেখানে সর্বশেষ ব্যাকআপের তারিখ ও সময় দেখা যাবে। সময় সঠিক থাকলে ফোন থেকে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করতে হবে। অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ আইকনের ওপর চেপে ধরে ‘আনইনস্টল’ অপশন বেছে নিয়ে অথবা ফোনের সেটিংস থেকে অ্যাপটি মুছে ফেলা যায়। এরপর গুগল প্লে স্টোর (অ্যান্ড্রয়েড) বা অ্যাপ স্টোর (আইফোন) থেকে পুনরায় হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটি চালু করে আগের ব্যবহৃত ফোন নম্বরটি প্রদান করতে হবে। ওটিপির মাধ্যমে নম্বর যাচাই করার পর ব্যাকআপ থেকে চ্যাট পুনরুদ্ধারের জন্য ‘রিস্টোর’ অপশন প্রদর্শিত হবে। সেখানে ট্যাপ করলেই সংরক্ষিত সব তথ্য পুনরায় ফোনে ফিরে আসবে।
যদি ব্যাকআপে প্রয়োজনীয় তথ্য না থাকে, তবে কিছু ক্ষেত্রে ডাটা রিকভারি সফটওয়্যারের সহায়তা নেওয়া যেতে পারে। ড.ফোনের মতো বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ তথ্য পুনরুদ্ধারে কাজ করে। তবে এ ধরনের অ্যাপ ব্যবহার করলেই সব তথ্য ফিরে পাওয়া যাবে, এমন কোনো নিশ্চয়তা নেই। কারণ, ফাইল মুছে যাওয়ার পর নতুন কোনো তথ্য সংরক্ষণ করা হলে তা পুরোনো তথ্যের জায়গায় জমা হতে পারে, ফলে পুনরুদ্ধার কঠিন হয়ে পড়ে। এছাড়া ফোনের মডেল, অ্যান্ড্রয়েডের সংস্করণ, স্টোরেজের ধরন এবং তথ্য মুছে যাওয়ার পর ফোনটি কতক্ষণ ব্যবহার করা হয়েছে—এই বিষয়গুলোও পুনরুদ্ধারের সম্ভাবনার ওপর প্রভাব ফেলে।
গুরুত্বপূর্ণ তথ্য হারানোর ঝুঁকি কমাতে নিয়মিত ব্যাকআপ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজন অনুযায়ী দৈনিক, সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে ব্যাকআপের ব্যবস্থা করা যেতে পারে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও ও নথির অতিরিক্ত কপি কম্পিউটার বা অন্য কোনো নিরাপদ স্থানে সংরক্ষণ করা বুদ্ধিমানের কাজ। এতে হোয়াটসঅ্যাপ ব্যাকআপে কোনো সমস্যা হলেও প্রয়োজনীয় তথ্য পুরোপুরি হারিয়ে যাওয়ার ঝুঁকি কমবে।