সৃজনশীল বা ক্রিয়েটিভ অর্থনীতি খাতের উন্নয়ন ও তদারকির লক্ষ্যে একটি জাতীয় স্টিয়ারিং কমিটি গঠন করেছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই কমিটির কথা জানানো হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

সাধারণত চলচ্চিত্র, নাচ, গান, নাটক, প্রকাশনা, বিজ্ঞাপন, স্থাপত্য, শিল্পকলা, কারুশিল্প, নকশা, সফটওয়্যার এবং ভিডিও গেমসের মতো খাতগুলোকে সৃজনশীল অর্থনীতির অন্তর্ভুক্ত করা হয়। এই খাতের গুরুত্ব বিবেচনা করে সরকার বাজেটে কয়েক শ কোটি টাকা বরাদ্দ রেখেছে।

নবগঠিত এই কমিটিতে বাণিজ্য ও শিল্পমন্ত্রী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী এবং পরিকল্পনা প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছেন বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। এছাড়া শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, বেঙ্গল ফাউন্ডেশন এবং ব্র্যাকের প্রতিনিধিরাও এই কমিটিতে স্থান পেয়েছেন।

কমিটিটি মূলত চারটি প্রধান কাজ পরিচালনা করবে। এর মধ্যে রয়েছে সৃজনশীল অর্থনীতি-সংক্রান্ত খাতভিত্তিক রোডম্যাপ অনুমোদন ও এর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা; আন্তমন্ত্রণালয় ও আন্তসংস্থার কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান; বিভিন্ন খাতভিত্তিক কমিটিগুলোর কার্যক্রম পর্যালোচনা এবং ত্রৈমাসিক ভিত্তিতে বাস্তবায়ন প্রক্রিয়ার অগ্রগতি মূল্যায়ন করা।