জার্মানিতে পড়াশোনা বা গবেষণার অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে দেশটির উচ্চশিক্ষা ও গবেষণা বিনিময় সংস্থা ডাড। সংস্থাটি 'ডাড ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২৭'-এর জন্য আবেদন আহ্বান করেছে। এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিতরা জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য, পরামর্শ এবং নিজেদের বাস্তব অভিজ্ঞতা দিয়ে দিকনির্দেশনা প্রদান করবেন।
প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই নেটওয়ার্কের মাধ্যমে ভবিষ্যৎ শিক্ষার্থীরা জার্মানির বিশ্ববিদ্যালয়, বৃত্তি, গবেষণার সুযোগ এবং উচ্চশিক্ষা সংক্রান্ত বাস্তব তথ্য সহজেই জানতে পারবেন বলে আশা করা হচ্ছে।
নির্বাচিত অংশগ্রহণকারীরা বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে জার্মানির উচ্চশিক্ষা ব্যবস্থা, গবেষণার পরিবেশ এবং ডাডের বিভিন্ন বৃত্তি ও অর্থায়ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন। এরপর তারা বিভিন্ন শিক্ষা মেলা, বিশ্ববিদ্যালয়ভিত্তিক অনুষ্ঠান এবং তথ্যসেশনে ডাডের প্রতিনিধিত্ব করবেন। পাশাপাশি আগ্রহী শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিয়ে তাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবেন।
আবেদনের যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল বা শ্রীলঙ্কার নাগরিক হতে হবে। এছাড়া জার্মানিতে পড়াশোনা, গবেষণা বা অন্য কোনো একাডেমিক কর্মসূচিতে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকা আবশ্যক। ১ জানুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীর বয়স ৩২ বছরের কম হতে হবে। বর্তমানে জার্মানিতে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের ২০২৬ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য বাধ্যতামূলক 'ইয়াং অ্যাম্বাসেডর প্রশিক্ষণ কর্মশালায়' অংশ নিতে আগ্রহী হতে হবে। আগ্রহী প্রার্থীদের ডাডের নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে হবে, তবে আবেদনপত্র জমা দেওয়ার আগে অনলাইনে যোগ্যতা যাচাই সম্পন্ন করা বাধ্যতামূলক।
আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬। বিস্তারিত তথ্য এবং আবেদন প্রক্রিয়ার জন্য ডাডের নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।