হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, যাকে সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী বহিষ্কার করেছে। সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর করা আবেদনের শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় আলোচনায় আসার পর গত ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। একই দিনে ওই সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান পল্লবী থানায় গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন। ওবায়দুর রহমান ওই সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রীর মামা বলে জানা গেছে।

মামলাকারীর অভিযোগ, সংসদ সদস্যের ‘অনৈতিক সম্পর্কের’ প্রতিবাদ করায় এবং একটি ভিডিও ফাঁসের ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার সন্দেহ করে তাঁকে মারধর করা হয়। গত ২১ জুলাই দায়ের করা এই মামলায় ৭৪ বছর বয়সী গাজী নজরুল ইসলাম ছাড়াও আরও চারজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন আমিনুর রহমান, মাসুম বিল্লাহ (৪১), মোস্তাসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)।

মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন গাজী নজরুল ইসলাম। আদালতের আজকের কার্যতালিকায় ৩৭৪ নম্বর ক্রমিকে আবেদনটি ওঠে। শুনানির জন্য আদালতে উপস্থিত হন তিনি। তাঁর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

শুনানির পর জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান মুক্তকণ্ঠকে বলেন, "হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় হাইকোর্ট গাজী নজরুল ইসলামকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। এরপর ঢাকার মহানগর দায়রা আদালতে তাঁকে হাজির হতে বলা হয়েছে।"