বান্দরবান জেলা শহরের লাল ব্রিজ এলাকায় এক সড়ক দুর্ঘটনায় বালুবাহী ট্রাকের চালক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ট্রাকের সহকারী আহত হয়েছেন। নিহত চালকের নাম মোহাম্মদ মিজানুর রহমান (২৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে বান্দরবান-কেরানিহাট সড়কে কক্সবাজার থেকে বালু বোঝাই করে একটি ট্রাক বান্দরবান জেলা শহরের দিকে আসছিল। শহরের ৯ নম্বর ওয়ার্ডের লাল ব্রিজ মসজিদ সংলগ্ন খাড়া পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেলে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের বালুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক মিজানুর রহমানের। অন্যদিকে, আহত চালকের সহকারী হেলাল উদ্দিনকে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন হেলাল উদ্দিন জানান, তাঁরা কক্সবাজারের ঈদগাঁ বাজার এলাকা থেকে বালু নিয়ে বান্দরবানের দিকে যাচ্ছিলেন। গন্তব্যে পৌঁছানোর মাত্র ১০ মিনিট আগে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক মিজানুর রহমানের বাবার নাম দেলোয়ার হোসেন এবং তাঁর বাড়ি সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে।

বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ হোসেন জানিয়েছেন, মিজানুরের লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর দাফনের জন্য লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।