বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় শিক্ষা সংক্রান্ত ব্যয় পরিশোধের ক্ষেত্রে আন্তর্জাতিক ডেবিট, ক্রেডিট কিংবা প্রিপেইড কার্ড ব্যবহারের সুযোগ প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১০ আগস্ট) এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের বিদেশে শিক্ষা-সংক্রান্ত ফি ও ব্যয় পরিশোধের জন্য অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো আন্তর্জাতিক ডেবিট, প্রিপেইড বা ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে। বিদেশি বিশ্ববিদ্যালয় এবং ভর্তি-সংক্রান্ত বিভিন্ন প্ল্যাটফর্মে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে শিক্ষা ব্যয় পরিশোধের বাড়তি চাহিদার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, এই কার্ডগুলো শিক্ষার্থীর নিজস্ব নামে অথবা তার শিক্ষার ব্যয় বহনকারী ব্যক্তির নামে ইস্যু করা সম্ভব হবে। এই কার্ড ব্যবহার করে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি এবং অন্যান্য অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধ করা যাবে।

বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে যে, শিক্ষা-সংক্রান্ত এই লেনদেনগুলো আলাদাভাবে বিবেচনা করা হবে। ফলে এ ধরনের পরিশোধ বিদ্যমান ভ্রমণ কোটা বা অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার আওতায় গণনা করা হবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কার্ড ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নিয়ন্ত্রক বিধিবিধান ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করতে হবে। এডি ব্যাংকগুলোকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে শুধুমাত্র অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত পরিশোধেই কার্ড ব্যবহারের বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি লেনদেনের যথাযথ রেকর্ড সংরক্ষণ এবং নির্ধারিত পারপাস কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকে সব লেনদেনের তথ্য প্রতিবেদন করার কথা বলা হয়েছে।