বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ক্রিস্টোফার নোলান পরিচালিত সিনেমা ‘দ্য অডিসি’ দেখার আগ্রহকে পুঁজি করে অনলাইনে প্রতারণার ফাঁদ পাতছে সাইবার অপরাধীরা। ভুয়া ওয়েবসাইট এবং আকর্ষণীয় অফারের মাধ্যমে দর্শকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে সতর্ক করেছে ক্যাসপারস্কি। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাসপারস্কি বাংলাদেশ এই তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিনেমাটি বিনামূল্যে দেখার সুযোগ দেওয়ার কথা বলে সাইবার অপরাধীরা ভুয়া রিভিউ ও রেটিং সমৃদ্ধ ওয়েবসাইট চালু করেছে। এসব সাইটে প্রবেশ করলে ব্যবহারকারীদের নাম এবং ই-মেইল ঠিকানাসহ ব্যক্তিগত তথ্য দিয়ে নিবন্ধনের কথা বলা হয়। এর ফলে ব্যবহারকারীদের বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য চুরি হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির প্রবল ঝুঁকি তৈরি হচ্ছে। বিভিন্ন ভাষায় তৈরি এসব ভুয়া ওয়েবসাইটে মূলত একই ধরনের প্রতারণামূলক কৌশল অবলম্বন করা হচ্ছে বলে জানানো হয়।

এই বিষয়ে ক্যাসপারস্কির সিনিয়র ওয়েব কনটেন্ট অ্যানালিস্ট ওলগা আলতুখোভা বলেন, ‘দ্য অডিসি’র মতো বহুল প্রতীক্ষিত সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহকে কাজে লাগানোর চেষ্টা করে প্রতারকেরা। কোনো সিনেমা সদ্য মুক্তি পাওয়ার পরও যদি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়, অথচ অপরিচিত কোনো ওয়েবসাইটে সেটি হঠাৎ বিনা মূল্যে দেখার সুযোগ পাওয়া যায়, তাহলে ইন্টারনেট ব্যবহারকারীদের বিশেষভাবে সতর্ক হওয়া উচিত। ব্যক্তিগত তথ্য ও অর্থ সুরক্ষিত রাখতে কেবল অফিশিয়াল সেবার মাধ্যমে কনটেন্ট দেখা উচিত।

অনলাইন প্রতারণা থেকে নিরাপদ থাকতে ইন্টারনেট ব্যবহারকারীদের ওয়েবসাইটের ইউআরএল এবং এর সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে ক্যাসপারস্কি। প্রতিষ্ঠানটি আরও আহ্বান জানিয়েছে যে, কেবল অফিশিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্মে সিনেমা দেখা, নির্দিষ্ট পেমেন্ট সেবা ও নির্ভরযোগ্য নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার এবং মাল্টিফ্যাক্টর অথেনটিকেশনের সুবিধা চালু রাখা উচিত।