এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র নির্মোহভাবে মূল্যায়ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, যে শিক্ষার্থী যেভাবে পড়াশোনা করেছে, নির্মোহভাবে সেভাবেই মূল্যায়ন হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে মাহদী আমিন এ কথা বলেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে কৃত্রিমভাবে জিপিএ-৫ কিংবা পাসের হার বাড়ানোর প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘আমরা সেই সংস্কৃতি থেকে পুরোপুরি বের হয়ে এসেছি। কারণ, প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন আমরা এমন এক শিক্ষাব্যবস্থা চাই, যেখানে শিক্ষার্থীরা তাদের যোগ্যতা, দক্ষতা ও সৃজনশীলতা নিয়ে বের হয়ে আসবে। সুতরাং যে শিক্ষার্থী যেভাবে পড়াশোনা করেছে, নির্মোহভাবে মূল্যায়ন হয়েছে। মূল্যায়নে শিক্ষকদেরও প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়েছে। সেভাবেই ফল এসেছে।’

এসসির ফলাফলে ভালো বা মন্দের দিকে না তাকিয়ে সামনে এগিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘যে শিক্ষার্থীরা ভালো ফল করেছে, তাদের অভিনন্দন জানানো উচিত। যারা ভালো ফল করেছে, তাদের পাশাপাশি তাদের পরিবারও গর্বিত। আমরাও গর্বিত। আবার অনেকে আছে হয়তো ভালো ফল করেনি। তাদের জন্য এটাই শেষ, তা না। আমরা চাই, যারা ভালো করেছে, তারা যেমন পরিশ্রমের স্বীকৃতি পেয়েছে, যারা কাঙ্ক্ষিত ফল পায়নি, একই সঙ্গে সরকার তাদের পাশে থাকবে। আমরা নিশ্চিত করতে চাই, ভবিষ্যতে যেন তারা সাফল্য অর্জন করতে পারে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানেরা।