প্রধানমন্ত্রী তারেক রহমানকে লক্ষ্য করে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিস্কৃত নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার (১০ আগস্ট) দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান অভিযুক্ত তানভীরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরীপাড়ার একটি বাসা থেকে গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বগুড়ায় নিয়ে আসা হয় এবং ওই দিনই আদালতে হাজির করা হয়। প্রাথমিক শুনানির পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি কর্মসূচিতে হামলার ঘটনাকে কেন্দ্র করে তানভীর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে কটূক্তি ও মানহানিকর পোস্ট করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
এই ঘটনার প্রেক্ষিতে বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন।