অ্যাডোবি এবং জুম সফটওয়্যারের হালনাগাদ সংস্করণ ব্যবহারের প্রলোভন দেখিয়ে ব্যবহারকারীদের লক্ষ্য করে সাইবার হামলা চালাচ্ছে একদল হ্যাকার। সিকিউরোনিক্সের গবেষকদের দেওয়া তথ্যানুযায়ী, এই হামলায় ভিজ্যুয়াল বেসিক স্ক্রিপ্ট, ব্যাচ ফাইল, ডট নেট প্রোগ্রাম এবং এইচটিএমএলভিত্তিক ফিশিং পেজ ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীদের কম্পিউটারে ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করিয়ে দূর থেকে পর্দার নিয়ন্ত্রণ নেওয়া এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এই হামলার পেছনে কোনো পরিচিত সাইবার অপরাধী বা নির্দিষ্ট হ্যাকার দলের সংশ্লিষ্টতা এখন পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি।
সিকিউরোনিক্সের গবেষকেরা জানান, একটি সক্রিয় উইজিডিএভি সার্ভারের সন্ধান পাওয়ার পর তারা এই বিষয়ে তদন্ত শুরু করেন। ওই সার্ভারটি ক্ষতিকর ফাইল সরবরাহের পাশাপাশি স্ক্রিনকানেক্টের মাধ্যমে আক্রান্ত কম্পিউটারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম। স্ক্রিনকানেক্টের এমএসআই ও এক্সই ফাইল বিশ্লেষণের পর তিনটি পৃথক কমান্ড ও নিয়ন্ত্রণ অবকাঠামোর সন্ধান পাওয়া গেছে, যা সফটওয়্যার আপডেট, নথি পর্যালোচনা এবং নথি দেখার সফটওয়্যারের ছদ্মবেশে ব্যবহৃত হচ্ছে। সাধারণত লক্ষ্যভিত্তিক ফিশিং ই-মেইলের মাধ্যমে এই হামলা শুরু হয়, যেখানে ব্যবহারকারীকে একটি ভিবিস্ক্রিপ্ট ফাইল চালাতে প্রলুব্ধ করা হয়। তবে স্ক্রিপ্টটি চালু হওয়ার সাথে সাথেই ক্ষতিকর কার্যক্রম শুরু হয় না; প্রথমে এটি কম্পিউটারে নিরাপত্তা সফটওয়্যারের উপস্থিতি পরীক্ষা করে এবং এরপর তথ্য সংগ্রহ শুরু করে।
সিকিউরোনিক্সের তথ্যমতে, সময়ের সাথে সাথে হ্যাকাররা তাদের কৌশলে পরিবর্তন এনেছে। শুরুতে তারা এনক্রিপ্ট করা ভিবিস্ক্রিপ্ট ব্যবহার করলেও পরবর্তীতে উইন্ডোজ ডিফেন্ডারের নিরাপত্তাব্যবস্থা অকার্যকর করার মতো আক্রমণাত্মক পদ্ধতি অবলম্বন করে। তবে সাম্প্রতিক সময়ে তারা পুনরায় গোপন পদ্ধতিতে ফিরেছে। এন্ডপয়েন্ট নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে চলার জন্য নির্দিষ্ট সময় অপেক্ষা করা এবং এনক্রিপ্ট করা ফাইল ব্যবহারের মতো কৌশল এখন লক্ষ্য করা যাচ্ছে।
এই ধরনের সাইবার হামলা প্রতিরোধে অপরিচিত উৎস থেকে আসা এমএসআই ফাইল ব্যবহারের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে সিকিউরোনিক্স। একই সঙ্গে নিরাপত্তা সফটওয়্যারে কোনো পরিবর্তনের চেষ্টা, সন্দেহজনক পাওয়ারশেল কার্যক্রম এবং বৈধ রিমোট ম্যানেজমেন্ট সফটওয়্যারের অস্বাভাবিক ব্যবহারের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।