২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের সব শিক্ষা বোর্ডের ৩১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে।

গত ২০২৫ সালে শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৩৪টি। সেই তুলনায় এবার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১৭৮টি বৃদ্ধি পেয়েছে।

আজ সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ফলাফল অনুযায়ী, এবার এসএসসি ও সমমানে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন জিপিএ-৫ পেয়েছে, যেখানে ছাত্রীরা এগিয়ে রয়েছে। তবে সামগ্রিকভাবে গড় পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।