চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কলেজগুলোতে প্রায় ২৫ লাখ আসন থাকলেও পাসের হার কমে যাওয়ায় সাড়ে ১৩ লাখের বেশি আসন খালি থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান এই তথ্য জানিয়েছেন।
সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি বিষয়টি জানান। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী পাস করেছে, যার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। ফলে শিক্ষার্থীদের তুলনায় কলেজ পর্যায়ে আসনের সংখ্যা দ্বিগুণেরও বেশি থাকছে। অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শেষ করতে হবে।
পরিসংখ্যান অনুযায়ী, এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ, যা গত বছর ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হার ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে। তবে সাধারণ শিক্ষা বোর্ডে ছাত্রদের তুলনায় ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী পাস করেছে। একইভাবে ছাত্রদের চেয়ে ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী জিপিএ-৫ অর্জন করেছে।
সাধারণ শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন। অর্থাৎ এক বছরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৯ জন কমেছে।
শিক্ষাবর্ষের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি, গত বছর এই সংখ্যা ছিল ৪৮। মাদ্রাসা শিক্ষা বোর্ডে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৮৬টি থেকে বেড়ে দাঁড়িয়েছে ২২৬টিতে। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে এবার ২৯টি প্রতিষ্ঠান শূন্য পাস করেছে, গত বছর এমন কোনো প্রতিষ্ঠান ছিল না।
এদিকে একটি বিশেষ পরীক্ষাকেন্দ্রের তথ্য অনুযায়ী, সেখানে ৪০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫৪ জন পাস করেছে, যার পাসের হার ৮৮ দশমিক ০৬ শতাংশ। ওই কেন্দ্রের দুটি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করলেও একটি প্রতিষ্ঠানে কেউ পাস করতে পারেনি।