২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৬.২৭ শতাংশে। এই বোর্ডে মোট ৮৮ হাজার ৯৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।
প্রকাশিত তথ্যানুযায়ী, এ বছর যশোর বোর্ড থেকে মোট ১ লাখ ৩৫ হাজার ৮০৭ জন শিক্ষার্থী নিবন্ধিত হলেও পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন। এছাড়া ২ হাজার ৮৬৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
ফলাফলের বিশ্লেষণে দেখা গেছে, ছেলেদের তুলনায় ছাত্রীদের পাসের হার অনেক বেশি। এ বোর্ডে ছেলেদের পাসের হার ৫৯.৮৫ শতাংশ হলেও ছাত্রীদের পাসের হার ৭২.৬৪ শতাংশ। মোট উত্তীর্ণদের মধ্যে ৪৮,৪৬৩ জন ছাত্রী এবং ৩৯,৬৩৪ জন ছাত্র। অন্যদিকে, মোট ৪৪ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ, যা যশোর বোর্ডের পাসের হারের চেয়ে কিছুটা কম। এছাড়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ সব বোর্ড মিলিয়ে দেশজুড়ে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে।
ফলাফল সংগ্রহের প্রক্রিয়া:
শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। প্রতিষ্ঠানগুলোকে ওয়েবসাইটের ‘রেজাল্ট’ কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ‘ইআইআইএন’ ব্যবহার করে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করতে হবে।
পরীক্ষার্থীরা তাদের স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান অথবা শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
এছাড়া যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল সংগ্রহ করা যাবে। এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে এসএসসি <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ- এসএসসি ঢা ১২৩৪৫৬ ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
পুনর্নিরীক্ষণ আবেদন:
ফলাফলে সংক্ষুব্ধ পরীক্ষার্থীরা আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে খাতা পুনর্নিরীক্ষণের (চ্যালেঞ্জ) আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হবে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কোনো শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিসে সরাসরি এসে ফলাফল পাওয়া যাবে না।