দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৭৩ জনের মৃত্যু হলো।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৬৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৭৫ জনের এবং উপসর্গে আক্রান্ত হয়েছেন ৯৮৮ জন।
মৃতদের আঞ্চলিক হিসাব অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে ঢাকায় দুজন, সিলেটে তিনজন এবং বরিশালে একজন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সামগ্রিক তথ্যানুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে ৭৭৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ৯৮ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৫৩ হাজার ৪৩৫ জন হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩২০ জনের এবং হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ১১৫ জনের।
হাসপাতালের তথ্যে দেখা যায়, ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এর মধ্যে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।