বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবজি মোবাইল গ্লোবাল ওপেন (পিএমজিও) সাউথ এশিয়া ২০২৬ কোয়ালিফায়ার। তবে এই আন্তর্জাতিক ইভেন্টের প্রধান দায়িত্ব ভারতীয় এজেন্সি 'ইস্পোর্টস কাউন্টি'র হাতে অর্পণ করায় দেশের ইস্পোর্টস অঙ্গনে তীব্র অসন্তোষ ও প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশে এমন একাধিক অভিজ্ঞ ইস্পোর্টস প্রতিষ্ঠান রয়েছে যারা আন্তর্জাতিক টুর্নামেন্ট, ল্যান ইভেন্ট, সম্প্রচার এবং প্রযুক্তিগত ব্যবস্থাপনায় দক্ষ। তা সত্ত্বেও দেশীয় প্রতিষ্ঠানগুলোকে পাশ কাটিয়ে কেন একটি বিদেশি প্রতিষ্ঠানকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হলো, তা এখনো স্পষ্ট নয়।
আয়োজনের ভেন্যু, অবকাঠামো, স্থানীয় জনবল এবং অধিকাংশ সরবরাহ বাংলাদেশের হলেও প্রকল্পের ব্যবস্থাপনা, বাণিজ্যিক সুবিধা ও আন্তর্জাতিক স্বীকৃতির বড় অংশ বিদেশি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি, ইস্পোর্টস কাউন্টির বাংলাদেশে প্রয়োজনীয় নিবন্ধন, ট্রেড লাইসেন্স, কর-ভ্যাট নথি, বিদেশি কর্মীদের কাজের অনুমতি এবং বৈদেশিক অর্থ লেনদেনের যথাযথ অনুমোদন রয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই করা প্রয়োজন বলে দাবি করা হয়েছে। এছাড়া বিদেশি কর্মীদের ভিসা, সরকারি স্থাপনায় প্রবেশাধিকার এবং খেলোয়াড় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
বাংলাদেশের ইস্পোর্টস সংশ্লিষ্টরা দাবি জানিয়েছেন, প্রকিউরমেন্ট প্রক্রিয়া এবং দায়িত্ব প্রদানের কারণ প্রকাশ করতে হবে। একই সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানের সব আইনগত কাগজপত্র যাচাই করার পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক ইস্পোর্টস আয়োজনে যোগ্য দেশীয় প্রতিষ্ঠানকে নেতৃত্ব বা যৌথ নেতৃত্বের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।