স্মার্টফোনের সামগ্রিক আকার অপরিবর্তিত রেখে বড় পর্দার অভিজ্ঞতা প্রদানে নিরন্তর কাজ করে যাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় নতুন প্রজন্মের একটি বেজেলবিহীন (পর্দার চারপাশের চারকোনা বর্ডার বা ফ্রেম) কনসেপ্ট ফোন তৈরি করেছে টেকনো। আগামী সেপ্টেম্বরে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘আইএফএ’ প্রদর্শনীতে এই বিশেষ ফোনটি প্রদর্শন করতে পারে প্রতিষ্ঠানটি। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই কনসেপ্ট ফোনটির পর্দার চারপাশে কোনো ফ্রেম নেই। ফোনের আকার ঠিক রেখে নকশায় পরিবর্তন আনার পাশাপাশি এতে উন্নত যন্ত্রাংশ, আধুনিক প্রযুক্তি এবং নতুন স্ক্রিন-প্যাকেজিং কৌশল ব্যবহার করা হয়েছে। এর ফলে অন্যান্য ফোনের তুলনায় এতে ভিডিও দেখা, গেম খেলা এবং অনলাইনে ছবি ও তথ্য দেখার অভিজ্ঞতা হবে আরও উন্নত।

টেকনোর দেওয়া তথ্য অনুযায়ী, পর্দার চারপাশের দৃশ্যমান কালো বর্ডার সরিয়ে ফেলার কারণে সাধারণ ফোনের তুলনায় এতে ছবি ও ভিডিও দেখার অভিজ্ঞতা হবে আরও প্রাণবন্ত। আইএফএ প্রদর্শনীতে ফোনটি প্রদর্শনের পাশাপাশি এতে ব্যবহৃত প্রযুক্তির বিস্তারিত বিবরণ তুলে ধরা হবে।

টেকনো আরও জানিয়েছে, "পরবর্তী প্রজন্মের বেজেলবিহীন কনসেপ্ট ফোন উদ্ভাবনের মাধ্যমে ফোনের নকশা ও প্রযুক্তি উন্নয়নে নতুন সম্ভাবনা খুঁজে দেখছে টেকনো।" একইসঙ্গে বিশ্বজুড়ে গ্রাহকদের জন্য নতুন ও উন্নত প্রযুক্তি নিয়ে আসার লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।