দেশে জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগস্ট মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) এক বার্তায় বিইআরসি এই তথ্য জানিয়েছে। নতুন এই দরের ফলে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছে ২৮ টাকা ৫৩ পয়সা।

অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের জ্বালানির দামও বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম শূন্য দশমিক ৮৫৫৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ০৩৫৮ ডলার করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। পরবর্তীতে ৭ এপ্রিল আবারও দাম বাড়ানো হয়।

তবে মে মাসে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়। এরপর জুন মাসে দাম আরও কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়, যার ফলে সে সময় লিটারপ্রতি দাম কমেছিল ১৫ টাকা ৬৭ পয়সা।

আগস্ট মাসে পুনরায় দাম বাড়ায় অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনায় জ্বালানি ব্যয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।