নতুন তৈরি করা ঘরে সংসার শুরুর প্রস্তুতি চলছিল আবদুর রশিদ ও সাবিরা খাতুন দম্পতির। তবে সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই পথেই প্রাণ হারালেন তারা। রোববার (৯ আগস্ট) যশোর শহরে কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এই দম্পতি নিহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে যশোর সেনানিবাসের মূল ফটকের সামনে একটি মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রশিদ যশোরের চৌগাছা উপজেলার মডেলপাড়া গ্রামের ইসমাইলের ছেলে।
জানা গেছে, নবনির্মিত ঘরের জন্য প্রয়োজনীয় মালামাল কিনতে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে যশোর শহরে এসেছিলেন আবদুর রশিদ। কেনাকাটা শেষ করে চৌগাছায় নিজেদের বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে সেনানিবাসের মূল ফটকের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দম্পতি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে সাবিরা খাতুনের মৃত্যু হয়। পরবর্তীতে রশিদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানা গেছে।
এই বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, "সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।"