কনটেন্ট (আধেয়) নির্মাতাদের আয়ের সুযোগ দিতে নতুন রিওয়ার্ড প্রোগ্রাম চালু করেছে এক্স। প্রতিষ্ঠানটির বরাতে জানানো হয়েছে, ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস প্রোগ্রাম’ নামের এই কর্মসূচির আওতায় শুধু মৌলিক লেখা, প্রতিবেদন, ছবি, ভিডিও, মিম ও অন্যান্য সৃজনশীল কনটেন্ট নির্মাতাদের অর্থ দেওয়া হবে। একই সঙ্গে এক্স জানিয়েছে, ৭ সেপ্টেম্বর থেকে নিজেদের ‘রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম’ কার্যক্রম বন্ধ করা হবে। ফলে এই প্ল্যাটফর্মে কনটেন্টের জনপ্রিয়তা বাড়লেও আয় করার সুযোগ থাকবে কি না—তা প্রোগ্রামের নতুন শর্তের ওপর নির্ভর করছে।
এক্সের তথ্যমতে, ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস প্রোগ্রাম’–এ নির্মাতারা তাদের কনটেন্টের যোগ্য প্রদর্শনের ভিত্তিতে আয় করতে পারবেন। নিজের লেখা বা প্রতিবেদন, নিজে তোলা ছবি ও ভিডিও এবং নিজে তৈরি করা মিম বা ইলাস্ট্রেশনকে মৌলিক কনটেন্ট হিসেবে বিবেচনা করবে এক্স। অন্যের তৈরি কনটেন্ট ব্যবহার করেও নতুন কর্মসূচির আওতায় অর্থ আয় করা সম্ভব—তবে সে ক্ষেত্রে শুধু কনটেন্ট পুনরায় প্রকাশ করলেই হবে না। এর সঙ্গে অর্থবহ মন্তব্য, বিশ্লেষণ বা নিজস্ব দৃষ্টিভঙ্গি যুক্ত করতে হবে।
এক্স আরও বলেছে, অন্যের ছবি বা ভিডিওতে সৃজনশীল সম্পাদনা করলেও সেটি মৌলিক কনটেন্ট হিসেবে বিবেচিত হতে পারে। তবে শুধু ক্যাপশন বা লেখা যুক্ত করে অন্যের কনটেন্টে কী ঘটছে, তা বর্ণনা করলে সেটি মৌলিক কনটেন্ট হিসেবে গণ্য হবে না। অর্থাৎ অন্যের কনটেন্টে উল্লেখযোগ্য নতুনত্ব বা মূল্য যোগ না হলে, সেটি থেকে আয় করার সুযোগ থাকবে না।
অংশ নিতে কনটেন্ট নির্মাতাদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। একই সঙ্গে আয়ের কর্মসূচি চালু রয়েছে এমন দেশে বসবাসের পাশাপাশি এক্সের প্রিমিয়াম, প্রিমিয়াম প্লাস অথবা প্রিমিয়াম বিজনেস সাবস্ক্রিপশন ব্যবহার করতে হবে। এক্সের শর্ত অনুযায়ী, ব্যবহারকারীর অন্তত ৫০০ জন ভেরিফায়েড ফলোয়ার এবং গত ৯০ দিনে যাচাই করা ব্যবহারকারীদের কাছ থেকে হোম টাইমলাইনে অন্তত ৫ লাখ ভিউ থাকতে হবে।
আয়ের হিসাবেও এক্স কিছু শর্ত রেখেছে। নির্মাতার কনটেন্টের মোট ভিউয়ের ক্ষেত্রে শুধু প্রিমিয়াম ব্যবহারকারীদের কাছ থেকে পাওয়া মতামতকে বিবেচনা করা হবে।
গত মার্চে রেভিনিউ শেয়ারিং বা আয় ভাগাভাগির কর্মসূচিতে পরিবর্তন আনে এক্স। ওই সময়ে ব্যবহারকারীর নিজ অঞ্চলের দর্শকদের কাছ থেকে পাওয়া সম্পৃক্ততাকে বেশি গুরুত্ব দেওয়া হয়—এমন তথ্যের ভিত্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দেওয়া কিছু জনপ্রিয় অ্যাকাউন্ট নিয়ে বিতর্কের পর এই পরিবর্তন আনা হয়েছিল। চলতি বছরের শুরুতে জানা যায়, যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে পোস্ট করা বেশ কিছু জনপ্রিয় অ্যাকাউন্টের পরিচালকেরা আসলে যুক্তরাষ্ট্রে বসবাস করেন না। তবে নতুন রিওয়ার্ড প্রোগ্রামে আগের মতো ব্যবহারকারীর নিজ অঞ্চলের দর্শকদের সম্পৃক্ততাকে বেশি গুরুত্ব দেওয়া হবে কি না—এ বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি এক্স।
সূত্র: এনগ্যাজেট