ইতালির রোমে কারিগরি ত্রুটির কারণে আটকা পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি অবশেষে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে। রোববার (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) বোসরা ইসলাম সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোম থেকে ফ্লাইটটি রওনা হয়েছে এবং নির্ধারিত সময় অনুযায়ী বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৪ মিনিটে এটি ঢাকায় পৌঁছাবে।
যাত্রীদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তির বিষয়ে দুঃখ প্রকাশ করে বোসরা ইসলাম সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি বলেন, ‘সবাইকে ধৈর্য ধারণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।’
এর আগে গত শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সোয়া ৭টার দিকে জ্বালানি সংগ্রহের (রিফুয়েলিং) উদ্দেশ্যে রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করেছিল টরন্টো-ঢাকাগামী বিজি-৩০৬ ফ্লাইটটি। তবে অবতরণের পর উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি শনাক্ত হওয়ায় নির্ধারিত সময়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করা সম্ভব হয়নি। এর ফলে ফ্লাইটের আড়াই শতাধিক যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েন। দ্রুত সমস্যা সমাধান করে দেশে ফেরার জন্য যাত্রীরা বিমান কর্তৃপক্ষ ও সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পরবর্তীতে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি সারিয়ে উড়োজাহাজটি নিরাপদে ঢাকার পথে রওনা হয়।