ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি তাদের টেলিগ্রাম চ্যানেলে দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে। গতকাল শনিবার এই ভিডিওটি সামনে আনা হয়।
প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, মোজতবা খামেনিকে কয়েকজন ব্যক্তি ঘিরে রেখেছেন এবং তিনি তাঁদের সঙ্গে কথা বলছেন। তবে ভিডিওটি ঠিক কোথায় এবং কখন ধারণ করা হয়েছে, সে বিষয়ে মেহের নিউজের প্রতিবেদনে কোনো সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। পাশাপাশি তাঁকে ঘিরে থাকা ব্যক্তিদের পরিচয়ও গোপন রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং সাধারণ নাগরিকও প্রাণ হারান। এই ঘটনার প্রতিক্রিয়ায় ইরান ওই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
নিহত আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র মোজতবা খামেনি। মার্চের শুরুর দিকে ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ তাঁকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।