নিজস্ব উপগ্রহভিত্তিক ব্রডব্যান্ড নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে বড় পদক্ষেপ নিয়েছে ইউরোপ। এই পরিকল্পনার অংশ হিসেবে ‘আইরিস-২’ স্যাটেলাইট বহর সম্প্রসারণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে ইউরোপীয় কমিশন। নতুন এই চুক্তির মাধ্যমে ৬৬টি কৃত্রিম উপগ্রহ যুক্ত হবে, যার ফলে পুরো বহরে মোট উপগ্রহের সংখ্যা দাঁড়াবে ৩৪৮টিতে। এর ফলে প্রকল্পটি পরিকল্পনা পর্যায় থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়নের দিকে এগিয়ে গেল।
ইউরোপীয় স্পেস এজেন্সির (ইএসএ) সহযোগিতায় গত ৭ আগস্ট ‘স্পেসরাইজ’ কনসোর্টিয়ামের সঙ্গে এই বাস্তবায়ন চুক্তিটি সই করে ইউরোপীয় কমিশন।
মূলত যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংকসহ অন্যান্য কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবার প্রতিদ্বন্দ্বী হিসেবে আইরিস-২ গড়ে তোলা হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশের সরকার, প্রতিরক্ষা ও সামরিক বাহিনী এবং জরুরি সেবা সংস্থাগুলোর জন্য এটি একটি নিরাপদ ও নির্ভরযোগ্য যোগাযোগব্যবস্থা হিসেবে কাজ করবে। এই নেটওয়ার্কের মোট ৩৪৮টি উপগ্রহের মধ্যে ৩৩০টি থাকবে পৃথিবীর নিম্ন কক্ষপথে (এলইও) এবং ১৮টি থাকবে মধ্য কক্ষপথে (এমইও)। এছাড়া নির্দিষ্ট কিছু বিশেষ মিশনের জন্য এতে অতিরিক্ত সুবিধাও যুক্ত করা হবে।
ইউরোপীয় ইউনিয়নের এই নতুন ফ্ল্যাগশিপ স্যাটেলাইট নেটওয়ার্কটি জরুরি অবস্থাসহ যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে সহায়তা করবে।