কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এই যুগে শিক্ষার্থীদের কেবল মেধার ওপর নির্ভর না করে সৃজনশীলতা ও মানবিকতার চর্চায় মনোযোগী হতে হবে। তথ্য জানার চেয়ে সমস্যা সমাধানে দক্ষ হওয়া এখন সময়ের দাবি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (বিডিএমএসও) ২০২৬-এর জাতীয় পর্বের অতিথিরা শিক্ষার্থীদের এই আহ্বান জানান।

শনিবার ঢাকার সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অলিম্পিয়াডের ঢাকা পর্ব অনুষ্ঠিত হয়। একই সময়ে চট্টগ্রাম, রংপুর ও সিলেটেও স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চার শহরের মোট ৭৫৮ জন প্রতিযোগীর মধ্য থেকে ১৮০ জন বিজয়ী নির্বাচিত হয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা পর্বে ৫৫২ জন অংশগ্রহণকারীর মধ্যে ১২৮ জন বিজয়ী হয়েছেন। চট্টগ্রাম পর্বে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ১১৫ জনের মধ্যে ২৭ জন, রংপুরের ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে ৪৭ জনের মধ্যে ১৩ জন এবং সিলেটের মুহিবুর রহমান একাডেমিতে ৪৪ জনের মধ্যে ১২ জন বিজয়ী হয়েছেন। অলিম্পিয়াড ও কুইজ—এই দুই ভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শুরু হওয়া মূল পরীক্ষায় শিক্ষার্থীরা গণিত ও বিজ্ঞান উভয় বিষয়েই অংশ নেওয়ার সুযোগ পান।

ঢাকা পর্বের মূল পরীক্ষার পর সুমোবট ফাইট, বিজ্ঞান শো, ম্যাজিক শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করে। বেলা তিনটায় ফল ঘোষণা ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পুরো প্রতিযোগিতায় অলরাউন্ড সর্বোচ্চ নম্বর পেয়েছে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আলি ওমর। শুধু গণিতে সর্বোচ্চ নম্বর পেয়েছে একই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অরিজিৎ সাহা এবং বিজ্ঞানে সর্বোচ্চ নম্বর পেয়েছে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহমিদ হাসান। এছাড়া কুইজে সর্বোচ্চ নম্বর পেয়েছে এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী আরহাম উল্ল্যাহ।

ঢাকায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা, টার্স ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী শফিক বারি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কানিজ ফাতেমা এবং সোসাইটি ফর দ্য পপুলারাইজেশন অব সায়েন্স বাংলাদেশ (এসপিএসবি) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সভাপতি মুনির হাসান।

আগামী ১১ থেকে ২০ আগস্ট পর্যন্ত বিজয়ীদের নিয়ে অনলাইনে জাতীয় ক্যাম্প অনুষ্ঠিত হবে। এরপর ২১ আগস্ট গণিত এবং ২২ আগস্ট বিজ্ঞানের দল নির্বাচনী পরীক্ষা হবে। এই ধাপগুলো পেরিয়ে যারা নির্বাচিত হবেন, তারাই আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে (আইএমএসও) বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবেন। আগামী ২ থেকে ৭ অক্টোবর ২০২৬ ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ২৩তম আইএমএসও অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিডিএমএসও ২০২৬ যৌথভাবে আয়োজন করছে এসপিএসবি, বিডিওএসএন ও ম্যাসল্যাব। আয়োজনের পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে রয়েছে পুষ্টি। এছাড়া সহযোগিতায় রয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, টিবিএস গ্র্যাজুয়েটস, বিজ্ঞানচিন্তা, কিশোর আলো, টেমস একাডেমি, রিফ্লেকটিভ টিনস, শৈশব ও নিত্য উপহার।