ঠাকুরগাঁও সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীহাট এলাকায় বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—রহিমানপুর ইউনিয়নের মৃত দেবারু মোহাম্মদের ছেলে পথচারী আবুল হোসেন (৬০) এবং বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি এলাকার দেলাওয়ার হোসাইনের ছেলে মোটরসাইকেল আরোহী অর্ণব ইসলাম (১৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁওগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল নেংড়ীহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় পথচারী আবুল হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। একই সময়ে মোটরসাইকেলে থাকা চালকসহ দুই আরোহী গুরুতর আহত হন।

পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরোহী অর্ণব ইসলামের মৃত্যু হয়। অন্যদিকে মোটরসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

এই বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী জানান, "মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ দুইজন নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"