যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত হলেন টড ব্ল্যাঞ্চ। স্থানীয় সময় শনিবার দেশটির সিনেটে স্বল্প ব্যবধানে তাঁর নিয়োগ অনুমোদিত হয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সবচেয়ে বিতর্কিত মন্ত্রিসভা নিয়োগসংক্রান্ত লড়াইয়ে পরিণত হয়েছিল ব্ল্যাঞ্চের এই মনোনয়ন। এই পদে তিনি কতটা স্বাধীনতা ভোগ করবেন, তা নিয়ে অনেক রিপাবলিকান সিনেটরের মধ্যে তীব্র উদ্বেগ ছিল, যার ফলে তাঁর মনোনয়ন প্রায় ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছিল।

সিনেটে ৫০-৪৯ ভোটে ব্ল্যাঞ্চের নিয়োগ অনুমোদিত হয়। রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স ও লিসা মারকোভস্কি তাঁর বিপক্ষে ভোট দেন। তবে শেষ মুহূর্তে সিনেটর বিল ক্যাসিডি ব্ল্যাঞ্চের পক্ষে ভোট দেওয়ায় এই অচলাবস্থার অবসান ঘটে। ক্যাসিডি ভোট না দিলে তাঁর মনোনয়ন আটকে যেত। শুক্রবার ক্যাসিডি জানিয়েছিলেন, "অ্যাটর্নি জেনারেল হিসেবে ট্রাম্প যেসব প্রার্থীকে সামনে আনতে পারেন, তাঁদের মধ্যে ব্ল্যাঞ্চকেই তিনি সবচেয়ে ভালো বলে মনে করেন।"

এই ভোটের মাধ্যমে ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান সিনেটরদের মধ্যে কয়েক সপ্তাহের টানাপোড়েন শেষ হলো। ব্ল্যাঞ্চ গত এপ্রিল থেকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বিচার বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে দপ্তরের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করেছেন।

ব্ল্যাঞ্চের মনোনয়ন নিয়ে বিতর্কের মূল কারণ ছিল জেফরি এপস্টিন-সংক্রান্ত নথি প্রকাশের প্রক্রিয়া। এছাড়া ট্রাম্পের ১৮০ কোটি ডলারের ‘প্রতিষ্ঠানের রাজনৈতিক অপব্যবহারবিরোধী’ তহবিল গঠন এবং ট্রাম্প ও তাঁর সন্তানদের কর-সুরক্ষা দেওয়ার চুক্তিতে ব্ল্যাঞ্চের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেক রিপাবলিকান সিনেটর। সমালোচকদের মতে, এই তহবিলটি ছিল ট্রাম্পের মিত্রদের জন্য একটি গোপন তহবিল, যার সুবিধাভোগীদের মধ্যে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে দাঙ্গায় অংশ নেওয়া ব্যক্তিরাও রয়েছেন।

উল্লেখ্য, আইআরএসের বিরুদ্ধে ট্রাম্পের ১ হাজার কোটি ডলারের মামলা থেকে ওই কর-সুরক্ষা চুক্তি ও তহবিলের সৃষ্টি হয়। চুক্তির শর্ত অনুযায়ী ট্রাম্প, তাঁর ছেলে এবং পারিবারিক ব্যবসার পূর্ববর্তী কর বিবরণী নিরীক্ষা থেকে আইআরএসকে বিরত রাখা হয়েছিল।

ক্যাপিটল হিলে গত কয়েক সপ্তাহের ধারাবাহিক বৈঠকের পর ব্ল্যাঞ্চ এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেন। শেষ পর্যন্ত তিনি লিখিতভাবে কর-সুরক্ষা চুক্তির পরিধি কমানো এবং ‘প্রতিষ্ঠানের রাজনৈতিক অপব্যবহারবিরোধী’ তহবিল থেকে অর্থ প্রদান বন্ধ করতে সম্মত হন, যার ফলে তাঁর নিয়োগের পথ প্রশস্ত হয়।