গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৮৬৭ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৭৭৬ জন। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৯৯ জনের এবং উপসর্গে আক্রান্ত হয়েছেন ৬৭৭ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ঢাকায় হাম থেকে দুজন এবং হামের উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭৬৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৩২ জনের। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৪০ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৩৭২ জন।
১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৪৪ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০০ জন।