সাতক্ষীরার তালা উপজেলায় ধান রোপণের সময় আকস্মিক বজ্রপাতে চিত্তরঞ্জন আইচ (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত চিত্তরঞ্জন আইচ ওই গ্রামের মৃত কানাইলাল আইচের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি তালা বাজারে কাপড়ের ব্যবসা করতেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা শ্যামল বিশ্বাস জানান, শনিবার সকালে চিত্তরঞ্জন আইচ ৮-১০ জন কৃষিশ্রমিক নিয়ে বাড়ির পাশের বিলে ধান রোপণের কাজে যান। দুপুর ১২টার দিকে আকাশ মেঘলা হয়ে ওঠে এবং হঠাৎ বজ্রপাত হয়। ধান রোপণ করা অবস্থায় বজ্রপাত সরাসরি চিত্তরঞ্জনের শরীরে লাগলে তার গায়ে আগুন ধরে যায় এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পরপরই পাশে থাকা অন্য কৃষকেরা চিত্তরঞ্জনকে মৃত অবস্থায় উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. সাখাওয়াত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, "পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি বুঝে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"