চোখের নিমেষে আলমারির কোণে উঠে পড়া কিংবা দরজার খিল খোলার মতো চতুরতা বিড়ালপ্রেমীদের কাছে পরিচিত দৃশ্য। তবে বিজ্ঞানের দৃষ্টিতে এই খুদে প্রাণীর বুদ্ধিমত্তা কেবল কিছু কৌশল শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি তাদের সমস্যা সমাধান, নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং মেধার বিকাশের এক অনন্য ক্ষমতা। গঠনগতভাবে বিড়ালের মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের সঙ্গে আশ্চর্যজনক মিল বহন করে। তাদের মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্সে প্রায় ২৫ কোটি নিউরন থাকে, যা মূলত জটিল চিন্তা ও তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে। এছাড়া বিড়ালের মগজে রয়েছে নিউরোপ্লাস্টিসিটি বা স্নায়বিক নমনীয়তা, যার ফলে নতুন অভিজ্ঞতা ও শিক্ষার মাধ্যমে তারা নিজেদের মস্তিষ্কের গঠন পুনর্গঠন করতে পারে।
দীর্ঘদিন ধরে ধারণা করা হতো কুকুর বেশি বুদ্ধিমান এবং বিড়াল কিছুটা উদাসীন। তবে আধুনিক বৈজ্ঞানিক গবেষণা এই প্রচলিত ধারণাকে বদলে দিয়েছে। গবেষণায় দেখা যাচ্ছে, বিড়ালের নীরব চোখের আড়ালে লুকিয়ে আছে তীক্ষ্ণ মেধা, চমৎকার বুদ্ধিমত্তা এবং স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।
প্রতি বছর ৮ আগস্ট আন্তর্জাতিক বিড়াল দিবস পালন করা হয়। জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, স্মৃতিশক্তির পরীক্ষায় বিড়াল কুকুরের মতোই পারদর্শী। তারা মানুষের মতো জীবনের বিশেষ ঘটনার স্মৃতি বা 'এপিসোডিক মেমোরি' মনে রাখতে সক্ষম। কিয়োটো বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী সাহো তাকেগি বলেন, "বিড়াল ও কুকুর উভয়ই অতীতের একটি একক অভিজ্ঞতার স্মৃতি ব্যবহার করে। এটি নির্দেশ করে যে বিড়ালেরও মানুষের মতো চেতনা বা মেমোরি রয়েছে।"
সাধারণ মানুষের ধারণার বিপরীতে বিড়াল যে কুকুরের চেয়ে কম বুদ্ধিমান নয়, তা আরও গবেষণায় প্রমাণিত। ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লরি সান্তোস বলেন, "বিড়াল কোথায় খাবার পেয়েছিল বা কোথায় আগে খুঁজেছিল, সেই তথ্য তারা চমৎকার মনে রাখতে পারে।"
গবেষণায় দেখা গেছে, বিড়ালের স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর। তারা জীবনের ভালো-মন্দের অভিজ্ঞতা থেকে শেখে এবং ঘরের কোথায় পছন্দের খেলনা বা স্ন্যাকস লুকানো আছে তা মনে রাখে। মালিকের কণ্ঠস্বর তারা স্পষ্টভাবে চিনতে পারলেও নাম ধরে ডাকলে সাড়া দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ তাদের নিজস্ব ইচ্ছার ওপর নির্ভর করে। বন্য পূর্বপুরুষদের মতোই তারা দক্ষ সমস্যা সমাধানকারী; যেমন—নিজে নিজেই ক্যাবিনেটের দরজা খোলা বা পছন্দের জায়গায় পৌঁছানোর পথ খুঁজে বের করা।
বিড়াল চারপাশের মানুষকে অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে। স্ন্যাকসের প্যাকেট খোলার শব্দ চেনা থেকে শুরু করে বাসার দৈনন্দিন নিয়মকানুন তারা দ্রুত আয়ত্ত করে। কোনো লক্ষ্যবস্তুর গতি, দূরত্ব ও সময় হিসাব করার মানসিক সমন্বয় তাদের তীক্ষ্ণ বুদ্ধিমত্তারই পরিচয় দেয়। বন্য বংশধর হলেও হাজার বছর ধরে মানুষের সঙ্গে থাকার ফলে তারা গভীর আবেগপ্রবণ সম্পর্ক তৈরি করতে পারে। বিজ্ঞানী সাহো তাকেগির মতে, বিড়ালকে গভীরভাবে বুঝতে পারলে মানুষ ও বিড়ালের সম্পর্কের বন্ধন আরও সুদৃঢ় হবে।
বিড়ালের মস্তিষ্কের বিকাশ নিয়ে অধিকাংশ গবেষণাই করা হয়েছে গৃহপালিত বিড়ালদের ওপর। শহুরে ইট-কাঠের পরিবেশে মানিয়ে নিতে গিয়ে বিভিন্ন জটিল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, যা তাদের মানসিক বিকাশকে ত্বরান্বিত করে। এছাড়া প্রজন্মের পর প্রজন্ম ধরে কৃত্রিম প্রজনন ও জেনেটিক পরিবর্তনও তাদের মস্তিষ্কের বিবর্তনে ভূমিকা রেখেছে। একটি বিড়ালছানা ছোটবেলায় তার মাকে পর্যবেক্ষণ করে বেঁচে থাকার কৌশল শেখে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে ভুল ও চেষ্টার মাধ্যমে নিজের বুদ্ধিমত্তাকে আরও শানিয়ে নেয়।