নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশের একটি ডোবায় ডুবে তাওহীদ ও নাবিল নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
মৃত শিশুদের পরিচয় অনুযায়ী, নাবিল (৬) মনোহরদী উপজেলার নোয়াদিয়া গ্রামের মো. বজলুর রহমানের ছেলে। আর তাওহীদ (৭) শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের মো. মাহবুবুর রহমানের ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত।
পরিবার সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে নাবিল ও তাওহীদ নোয়াদিয়া এলাকায় সড়কে ঘুরতে বের হয়। সেই সময় "সড়কের পাশের একটি ডোবায় একজন পড়ে যায়। তাকে টেনে তুলতে গিয়ে আরেকজনও ডুবে যায়। সড়কে চলাচলরত কয়েকজন ব্যক্তি একটি শিশুকে পানিতে ভেসে থাকতে দেখে উদ্ধারে এগিয়ে যান।"
উদ্ধারকারীরা জানান, পানিতে ভেসে থাকা শিশুটির হাত ধরে অন্য শিশুটি ছিল। দ্রুত তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনা প্রসঙ্গে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, "দুই শিশুর পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।"