তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান সি জোসেফ বিজয় ও তাঁর স্ত্রী সংগীতা স্বর্ণলিঙ্গমের মধ্যকার বিবাহবিচ্ছেদের মামলাটি আজ শুক্রবার প্রত্যাহার করা হয়েছে। এর ফলে মামলাটি এখন মুলতবি। ভার্চ্যুয়াল মাধ্যমে বিচারপ্রক্রিয়ায় অংশ নিয়ে সংগীতা আদালতে মামলা প্রত্যাহারের আবেদন জমা দেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর চেঙ্গালপট্টুর একটি আদালতে সংগীতা বিবাহবিচ্ছেদের আবেদন দাখিল করেছিলেন। আবেদনটিতে তিনি তাঁদের মধ্যকার অমীমাংসিত মতপার্থক্যকে বিবাহবিচ্ছেদের ভিত্তি হিসেবে উল্লেখ করেন। সেই সঙ্গে তিনি স্থায়ী খোরপোশ এবং চেন্নাইয়ের নীলঙ্করাইয়ে তাঁদের যৌথ বাড়িতে থাকার অনুমতি চেয়েছিলেন।
চলতি বছরে এই বৈবাহিক বিরোধের শুনানি বেশ কয়েকবার মুলতবি করা হয়। গত ১৫ জুন সংগীতা ভার্চ্যুয়াল মাধ্যমে উপস্থিত হয়ে আবেদনটি প্রত্যাহারের ইচ্ছা জানালে আদালত কার্যক্রম মুলতবি করেন এবং পরবর্তী শুনানির তারিখ ৭ আগস্ট (শুক্রবার) ধার্য করেন। তবে গত মাসে বিজয় ও সংগীতা—দুজনই আদালতে অনুপস্থিত থাকায় পারিবারিক আদালত শুনানি পিছিয়ে দিয়েছিলেন। এর আগে বেশ কয়েকবার তাঁরা অনুপস্থিত থাকলেও তাঁদের আইনজীবীরা জানান, সশরীর উপস্থিত হতে তাঁদের সমস্যা হচ্ছিল।
১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতিতে আন্তধর্মীয় বিয়ের মাধ্যমে শুরু হয় বিজয় ও সংগীতার সম্পর্ক। তাঁদের সংসারে ২০০০ সালের ২৬ আগস্ট এক ছেলে এবং ২০০৫ সালে এক মেয়েসন্তান জন্ম নেয়।
২০২৩ সালে বিজয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পাবলিক অনুষ্ঠানে সংগীতার অনুপস্থিতির পর তাঁদের দাম্পত্য কলহ নিয়ে গুঞ্জন শুরু হয়, যদিও সে সময় তাঁরা তা নাকচ করে দিয়েছিলেন। তবে ২০২৫ সালে টিভিকে আয়োজিত দ্বিতীয় রাজ্য সম্মেলনসহ প্রধান রাজনৈতিক অনুষ্ঠানে সংগীতাকে দেখা না যাওয়ায় আবারও আলোচনা শুরু হয়।
উল্লেখ্য, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে টিভিকে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়ে ডিএমকে এবং এআইএডিএমকে-র মতো দলগুলোর দীর্ঘ রাজনৈতিক আধিপত্যের অবসান ঘটায়। পরবর্তীতে কংগ্রেস, সিপিআই, সিপিআই(এম), ভিথুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) সমর্থনে সরকার গঠন করে বিজয়। এর ফলে কয়েক দশকের মধ্যে তামিলনাড়ুতে প্রথমবার একটি জোট সরকার গঠিত হয়।