স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার অভিজ্ঞতা আরও সহজ করতে গুগল ক্লাসরুমে যুক্ত হচ্ছে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী 'জেমিনাই'। আগামী ১০ আগস্ট থেকে পর্যায়ক্রমে এই নতুন সুবিধাটি চালু করা হবে।
এই ফিচারটি চালু হলে শিক্ষার্থীরা সরাসরি ক্লাসরুম থেকেই ফ্ল্যাশকার্ড, কুইজ এবং স্টাডি গাইডের মতো প্রয়োজনীয় পড়াশোনার উপকরণগুলো অনায়াসেই তৈরি করতে পারবেন। এর আগে শিক্ষকদের পাঠ-পরিকল্পনা প্রণয়নে সহায়তার জন্য গুগল ক্লাসরুমে জেমিনাই যুক্ত করা হয়েছিল। পরবর্তীতে ১৮ বছর বা তার বেশি বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এই সেবা চালু হয়। এবার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসকের অনুমোদনের মাধ্যমে স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও জেমিনাইয়ের এআই সুবিধাগুলো ব্যবহারের সুযোগ পাবেন।
ব্যবহারকারীদের সুবিধার জন্য গুগল ক্লাসরুমে একটি নতুন 'জেমিনাই ট্যাব' যুক্ত করা হবে। এই ট্যাবে ক্লিক করে পাঠ্যবস্তুর ওপর ভিত্তি করে ইন্টারঅ্যাকটিভ স্টাডি গাইড, অনুশীলনী কুইজ, ফ্ল্যাশকার্ড এবং অডিও সারসংক্ষেপ তৈরি করা যাবে। এছাড়া জেমিনাই নোটবুকের মাধ্যমে ইনফোগ্রাফিক ও চিত্রভিত্তিক সারসংক্ষেপ তৈরির সুযোগ থাকবে, যার ফলে আলাদা করে কোনো ফাইল আপলোড করার প্রয়োজন হবে না। একই সঙ্গে পাঠ্যবস্তুর আলোকে দ্রুত শিক্ষাসামগ্রী প্রস্তুত করা সম্ভব হবে।
গুগলের দেওয়া তথ্য অনুযায়ী, জেমিনাই ট্যাব ব্যবহার করে শিক্ষার্থীদের প্রথমে নির্দিষ্ট ক্লাস ও অ্যাসাইনমেন্ট নির্বাচন করতে হবে। এরপর জেমিনাই স্বয়ংক্রিয়ভাবে অ্যাসাইনমেন্টের শিরোনাম, শিক্ষকের নির্দেশনা, ক্লাসে দেওয়া পাঠ্যসামগ্রী এবং সংশ্লিষ্ট পাঠ্যক্রমের তথ্য বিশ্লেষণ করে উত্তর তৈরি করে দেবে। এতে প্রতিবার অ্যাসাইনমেন্টের তথ্য কপি করে দেওয়ার ঝামেলা থাকবে না এবং শিক্ষার্থীরা দ্রুত বিষয়ভিত্তিক সহায়তা পাবেন।
জেমিনাই এবং গুগল ক্লাসরুম সমর্থিত সব ভাষাতেই এই সুবিধা পাওয়া যাবে। এছাড়া গুগল ওয়ার্কস্পেস ফর এডুকেশন ফান্ডামেন্টালস, এডুকেশন স্ট্যান্ডার্ড এবং এডুকেশন প্লাস সংস্করণ ব্যবহারকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও এই উন্নত এআই সুবিধার আওতায় আসবে।