ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের উপকূলে পৌঁছানোর সময় দুই শতাধিক অনিয়মিত অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। উদ্ধারকৃতদের মধ্যে অধিকাংশ বাংলাদেশি ও সুদানের নাগরিক এবং কয়েকজন মিসরীয় রয়েছেন।

গ্রিসের দক্ষিণাঞ্চলের ক্রিট দ্বীপে অভিবাসনপ্রত্যাশীদের এই আগমন অব্যাহত রয়েছে। দেশটির সংবাদপত্র দেমোক্রাতিয়া জানিয়েছে, লিবিয়া থেকে ৪৮ ঘণ্টার কম সময়ের ব্যবধানে একের পর এক নৌকায় করে অন্তত ২০২ জন অভিবাসনপ্রত্যাশী ক্রিটে পৌঁছেছেন। অভিবাসীদের এই ব্যাপক আগমনে দ্বীপটির স্থানীয় প্রশাসন এবং অভিবাসী গ্রহণকেন্দ্রগুলোর ওপর চাপ আরও বৃদ্ধি পেয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার সকালে ৪০ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি নৌকা ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়েরাপেত্রায় পৌঁছায়। এর আগে ইউরোপের সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি উড়োজাহাজ নৌকাটিকে শনাক্ত করে। পরবর্তীতে উপকূলরক্ষী বাহিনীর একটি টহল জাহাজ এবং একটি মাছ ধরার নৌকার সহায়তায় তাঁদের ইয়েরাপেত্রা বন্দরে নেওয়া হয়। সেখানে তাঁদের নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়।

এর কয়েক ঘণ্টা আগে আরও দুটি নৌকায় করে ১১২ জন অভিবাসনপ্রত্যাশী সেখানে পৌঁছান। প্রথম নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক ছিলেন। দ্বিতীয় নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশের এবং নয়জন মিসরের নাগরিক বলে জানা গেছে।

উদ্ধার হওয়া সব অভিবাসনপ্রত্যাশীকে বর্তমানে স্থানীয় হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আশ্রয় শিবিরে রাখা হয়েছে। ক্রিট দ্বীপে অভিবাসীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় নতুন আগতদের এই আশ্রয় শিবিরে রাখা হচ্ছে।