সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অনুসারী ১২ কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ইউনিয়নের চণ্ডীপুর মডেল প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়।

পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম আমজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথি মো. মনিরুজ্জামানের কাছ থেকে ফুলের মালা গ্রহণ করে বিএনপিতে যোগ দেন ১২ জন কর্মী। আয়োজকদের দাবি, তারা সবাই জামায়াতের সাবেক এমপি গাজী নজরুলের সক্রিয় অনুসারী ছিলেন। নবযোগদানকারীদের নামগুলো হলো— কামাল হোসেন মিন্টু, শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল আজিজ, জিন্নুর রহমান, আতিয়ার রহমান, মিজানুর রহমান আলী, আব্দুল মাজেদ, শাহজালাল, শহীদ গাজী, গফুর গাজী এবং তৌহিদুর রহমান বাবু।

যোগদান প্রসঙ্গে শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম জানান, "যোগদানকারীরা সবাই আমার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। তারা জামায়াত ও গাজী নজরুলের কর্মী ছিলেন এবং জাতীয় নির্বাচনেও তার পক্ষে কাজ করেছিলেন। তবে সম্প্রতি গাজী নজরুলের বিভিন্ন অপকর্ম দেখে তারা বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। আজ আনুষ্ঠানিকভাবে তারা দলে যোগদান করেন।"

সভায় বিএনপি নেতারা উল্লেখ করেন যে, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিএনপিতে যোগ দিচ্ছেন। তারা নতুন সদস্যদের দলীয় আদর্শ ও শৃঙ্খলা মেনে রাজনীতি করার আহ্বান জানান।