সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১৮ জন শিশু।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছেন ৭৬৪ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৬ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও ৭৩৩ জনের মধ্যে এই রোগের উপসর্গ দেখা গেছে। এর ফলে ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ১৬ হাজার ৭৪০ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ১১ হাজার ৮৫৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।